আমরার তালিকাভুক্ত দুই কোম্পানির লভ্যাংশ পরিবর্তন
পূর্বঘোষিত লভ্যাংশে পরিবর্তন এনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড ও আমরা নেটওয়ার্কস লিমিটেড। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য কোম্পানি দুটি ১০ শতাংশ করে স্টক লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এটি পরিবর্তন করে ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আমরা টেকনোলজিস: ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৩ পয়সা।
আমরা নেটওয়ার্কস: ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯ পয়সা।


