বিদেশফেরত নারী শ্রমিকের পুনর্বাসনে গুরুত্ব দেয়ার আহ্বান
পারিবারিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি দিলেও নারী শ্রমিকদের প্রবাস জীবনের স্বপ্ন ভঙ্গ হতে সময় নেয় না। অধিকাংশ প্রবাসী নারী শ্রমিকই নির্যাতনের শিকার হয়ে ফেরেন নিজ দেশে। এ সময়ও তাদের নানা রকম হয়রানির শিকার হতে হয়। এমন অবস্থায় বিদেশফেরত নারী শ্রমিকের অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসনের বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত ‘দেশে ফিরে আসা অভিবাসী নারী শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা ও উন্নয়নে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান।
বিলস উপদেষ্টা পরিষদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব ডা. ওয়াজেদুল ইসলাম খানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া। এতে আরো উপস্থিত ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) উপপরিচালক যোহরা মনসুর, বিলস উপপরিচালক (গবেষণা) মো. মনিরুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপপরিচালক মো. জাহিদ আনোয়ার, বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) উপব্যবস্থাপক ইঞ্জিনিয়ার এম আলম হোসাইন, অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ রোমানা, স্পেশালিস্ট অন ওয়ার্কার্স অ্যাক্টিভিটিস, ডিসেন্ট ওয়ার্ক টেকনিক্যাল টিম, আইএলও-সাউথ এশিয়া সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, আইএলও ন্যাশনাল প্রোগ্রাম অফিসার রেহনুমা সালাম খান, বিলস উপদেষ্টা পরিষদ সদস্য নইমুল আহসান জুয়েল, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়কারী কামরূল আহসান প্রমুখ।


