কেন্দুয়ায় চাচাতো ভাইয়ের ঘুষিতে বৃদ্ধ নিহত
রাত্রি দাস, নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু হয়েছে। বাড়ির পেছনে খলাতে (ধান শুকানোর স্থান) ধান শুকাতে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ঘুষিতে এই বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ কাশেম খান (৭০)। তিনি ছিলিমপুর গ্রামের মৃত রহিম খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে চাচাতো ভাই সাদেক খানের খলাতে ধান শুকাতে যায় কাশেম খান। এ সময় সাদেক তার খলায় ধান শুকাতে দিতে কাশেম খানকে নিষেধ করেন। পরে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কাশেম খানের চোখে-মুখে জোরে ঘুষি মারেন সাদেক খান। এ অবস্থায় ঘুষিতে আহত কাশেম খানকে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মৃতদেহ থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার প্রস্তুতি ও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।


