পুনর্মূল্যায়নের পর সেন্ট্রাল ইন্স্যুরেন্সের সম্পদ বেড়েছে ১৪০ কোটি টাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে কোম্পানিটির সম্পদ বেড়েছে ১৪০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়ন করেছে এবং পুনর্মূল্যায়নের পর তাদের সম্পদ বেড়েছে ১৪০ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৭৭১ টাকা। আর কোম্পানিটির পরিচালনা পর্ষদ তার অনুমোদনও করেছে, যা ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের ওপর ভিত্তি করে এ পুনর্মূল্যায়ন করা হয়েছে। ২০১৯ সালে কোম্পানিটির স্থায়ী সম্পদ ছিল ৪৫ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার ৫৮১ টাকা। পুনর্মূল্যায়নের পর যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ৩৫২ টাকায়। এতে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫১ টাকা ১৩ পয়সা। ফেইমস অ্যান্ড আর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস কোম্পানিটির এই সম্পদ পুনর্মূল্যায়ন করেছে বলে জানা গেছে।

এদিকে কোম্পানিটি তাদের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই পয়সা কমেছে। তবে প্রথম তিন প্রান্তিকের হিসাবে ইপিএস বেড়েছে।

দেখা গেছে, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৮০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮২ পয়সা। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাস (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) শেষে শেয়ারপ্রতি আয় হয়েছে দুই টাকা এক পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল এক টাকা ৭২ পয়সা। এছাড়া ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৭৩ পয়সা, যা ২০২০ সালের ৩১ ডিসেম্বরে ছিল ২৫ টাকা দুই পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে দুই টাকা দুই পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল এক টাকা ৮৪ পয়সা।

 

সম্পর্কিত খবর