কর্মীদের রিমান্ডে নিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা চলছে
বিভিন্নস্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ‘মিথ্যা’ মামলায় গ্রেফতার হওয়া বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হচ্ছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, রিমান্ডে নির্যাতন করে তাদের দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা করা হচ্ছে।
সোমবার (১ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
রিজভী বলেন, সারাদেশে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে তা অত্যন্ত পরিকল্পিত। সরকারের বিভিন্ন ব্যর্থতা ঢাকতে তারা নিজেরাই হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা করেছে। বিভিন্ন জেলায় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হাতেনাতে ধরা পড়েছে। রংপুরে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছেন হামলা করেছে আওয়ামী লীগের লোকেরা। কিন্তু পুলিশ তাদের আটক না করে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের গণহারে আটক করছে।
রিজভী জানান, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুল আজিম সুমন, সুবর্ণচর উপজেলার আহ্বায়ক বেলাল হোসেন সুমন, নোয়াখালী জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন রায়হান, হাতিয়া যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমিরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন চালাচ্ছে পুলিশ।
রিমান্ডে নিয়ে অত্যাচার নির্যাতন সংবিধানের ও মৌলিক অধিকারের লঙ্ঘন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আদালতের রায়ের চূড়ান্ত লঙ্ঘন। অথচ বিরোধী রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রের টর্চারিং মেশিনে নিক্ষিপ্ত হচ্ছে। এ সরকারের আমলে বিরোধী মত, গণতন্ত্র তথা মানুষের চোখ বাঁধা দীর্ঘসারি হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মীর শরাফত আলী সপু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, দুলাল হোসেন প্রমুখ।


