৫ দিন ধরে বন্ধ পেঁয়াজ আমদানি, বাড়ছে দাম

ইমপোর্ট পারমিটের মেয়াদ শেষ হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাঁচদিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ। এতে খুচরা বাজারে বেড়েছে পণ্যটির দাম। মাত্র দুদিনের ব্যবধানে আমদানীকৃত ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৯ টাকা এবং দেশীয় পেঁয়াজের দাম ১০ টাকা বেড়েছে।

হিলি বাজার ঘুরে দেখা গিয়েছে, সবক’টি দোকানেই দাম ঊর্ধ্বমুখী। দুদিন আগেও প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ খুচরা বাজারে ১৫-১৬ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৪-২৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশীয় পেঁয়াজের দাম ২৬ টাকা থেকে বেড়ে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী রাইয়ান ইসলাম বলেন, আইপি না থাকায় হিলি স্থলবন্দর দিয়ে পাঁচদিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ। বাজারে সরবরাহ কমায় দাম বাড়ছে। আমদানিকারকদের ঘরে যেসব পেঁয়াজ মজুদ আছে, তারা সেসব পেঁয়াজ বাড়তি দামেই বিক্রি করছেন। সরবরাহ কমার কারণে দেশীয় পেঁয়াজের দামও বাড়ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত ৩০ এপ্রিল ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর থেকে বন্দর দিয়ে আজ (বুধবার) পর্যন্ত আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি।

সম্পর্কিত খবর