৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪২,৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৬৪ জেলার ৩০০ সংসদীয় আসনে চূড়ান্তভাবে ৪২,৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারিত হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য রয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি কক্ষ, আর নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

সচিব আরও বলেন, “অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি রাখা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে ৩ হাজার ভোটার ভোট দেবেন। এই সংখ্যাগুলো ‘ক্যাচমেন্ট এরিয়া’ ধরে নির্ধারণ করা হয়েছে, প্রয়োজনে পরবর্তীতে কিছু পরিবর্তন আনা হতে পারে।”

তিনি আরও জানান, প্রাথমিক খসড়ায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২,৬১৮টি, যা আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের (৪২,১৪৮টি কেন্দ্র) তুলনায় কিছুটা বেশি। তবে এবার ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমানো হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি, যা এবার কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬৯টি।

সম্পর্কিত খবর