১২ গবেষণা প্রকল্পে ২১ কোটি টাকার বেশি বার্ডি অনুদান: অর্থমন্ত্রী
শিল্প গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনকে উৎসাহিত করতে ১২টি অগ্রণী গবেষণা প্রকল্পে ২১ কোটি টাকার বেশি ‘বার্ডি’ অনুদান প্রদান করা হয়েছে। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রকল্পগুলোর প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিকিপ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রথম দফার এ অনুদান পেয়েছে ওষুধ, বস্ত্র, কৃষি, বৈদ্যুতিক গতিশীলতা, ইলেকট্রনিক্স ও জ্বালানি খাতের ১২টি গবেষণা প্রকল্প। প্রকল্পগুলো বাস্তব শিল্প সমস্যার সমাধানে গবেষণা দল ও শিল্প অংশীদারদের যৌথভাবে কাজের সুযোগ তৈরি করবে।
অনুদান পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে এআই-চালিত কাপড় পরিদর্শন, পানি সাশ্রয়ী স্মার্ট ডাইং প্রযুক্তি, স্থানীয়ভাবে ভ্যাকসিন-গ্রেড এনজাইম উৎপাদন, সৌরশক্তিচালিত কোল্ড স্টোরেজ এবং দেশের প্রথম ওপেন-সোর্স চিপ ডিজাইন উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ আয়োজন শুধু অনুদান হস্তান্তরের অনুষ্ঠান নয়; এর মাধ্যমে জ্ঞান, উদ্ভাবন ও নিজস্ব মেধার ওপর ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক করার বার্তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গবেষণা ও উন্নয়নকে ব্যয় নয়, বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে অর্থ বিভাগ। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, সবুজ প্রযুক্তির প্রসার এবং উচ্চদক্ষতার কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, আজকের ১২টি প্রকল্পের মাধ্যমে বার্ডি কার্যক্রম যাত্রা শুরু করেছে। এ উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলো কঠোর ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে। ১২৩টি আগ্রহপত্রের মধ্যে ৩৩টি দল বিস্তারিত আবেদন করার যোগ্যতা অর্জন করে। পরে শিক্ষাঙ্গন, শিল্প ও সরকারের স্বাধীন বিশেষজ্ঞদের মূল্যায়নের ভিত্তিতে ১২টি দলকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ও এসআইসিপির জাতীয় কর্মসূচি পরিচালক ড. মো. খায়রুজ্জামান মজুমদার। তিনি বলেন, এডিবির সহায়তায় পরিচালিত ‘বার্ডি গ্রান্টস’ কর্মসূচির লক্ষ্য হলো উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিল্পসংশ্লিষ্ট বাস্তবসম্মত উদ্ভাবনী সমাধান উৎসাহিত করা।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা পূরণে এডিবির দীর্ঘস্থায়ী অংশীদারত্বের কথা তুলে ধরেন।
এসআইসিআপির অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
অর্থ বিভাগের উদ্যোগ ও এডিবির সহায়তায় বাস্তবায়িত এসআইসিপি শিল্পনির্ভর দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মশক্তি গঠন এবং উদ্ভাবনী শিল্প উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করছে।



