সেপ্টেম্বরের মধ্যে ই-রিটার্ন জমা দিলে মিলবে ৫ শতাংশ প্রণোদনা

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হবে। তবে এ প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

বুধবার (২২ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সুবিধা চালু করা হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলের মাধ্যমে করদাতারা ঘরে বসেই আয়কর বিবরণী প্রস্তুত ও জমা দিতে পারবেন।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্নের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

এবার সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগজে (পেপার) রিটার্ন জমা দিতে পারবেন।

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

এনবিআর জানিয়েছে, www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও পাওয়া যাবে।

ই-রিটার্ন সংক্রান্ত কোনো সমস্যায় সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সহায়তা নেওয়া যাবে।

এনবিআর জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পাওয়া যাবে। তবে নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিল করলে এ সুবিধা পাওয়া যাবে না। ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

যথাসময়ে আয়কর রিটার্ন দাখিলের জন্য সব করদাতার প্রতি আহ্বান জানিয়েছে এনবিআর।

সম্পর্কিত খবর