সেন্সর ছাড়পত্র পেল ‘রাগী’
আস্থা কথাচিত্রের ব্যানারে জাকিরা খাতুন জয়ার প্রযোজনায় ও পরিচালক মিজানুর রহমান মিজানের ‘রাগী’ সিনেমা ঘিরে দর্শকের কাছে এক ধরনের প্রত্যাশা ছিলো- অবশেষে সেই প্রত্যাশার প্রাপ্তি ঘটলো চমৎকার বিশেষণে; ‘রাগী’ আপাদমস্তক অ্যাকশন ছবি। বিনোদনের সব উপকরণ ছবিটিতে আছে। দর্শকের পয়সা উসুল হবে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দেওয়ার সময় এমনটা জানিয়েছে।
গতকাল শনিবার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মিজানুর রহমান মিজান। চলচ্চিত্রে প্রধান চরিত্রে দেখা যাবে পারভেজ আবির চৌধুরী ও অ্যাকশন কুইন মুনমুনকে। এ চলচ্চিত্রের মধ্য দিয়ে খলচরিত্রে নাম লেখালেন অভিনেত্রী। এর পাশাপাশি আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন প্রমুখকে ঘিরে সিনেমার গল্প এগিয়েছে।
সেন্সর বোর্ড সচিব মমিনুল হক বলেন, ‘এর মধ্যে অনেকগুলো চলচ্চিত্র দেখেছি কিন্তু পরিপূর্ণ অ্যাকশন সিনেমা বলতে যা বোঝায়, সেটা রাগী’তে পেয়েছি। তিনটি উত্তেজনাকর দৃশ্য ছিল, যা দৃষ্টিকটু মনে হয়েছে; সেগুলো কাটিং দিয়েছিলাম।
পরিচালক মিজান বলেন, তিনটি স্বল্পদৈর্ঘের দৃশ্য কেটে জমা দিতে বলা হয়েছিল। শুক্রবার সেগুলো ছেটে ফেলে জমা দিই। এ ছাড়া অন্যান্য বিষয়গুলোর তারা প্রশংসায় ভাসিয়েছেন।
কবে নাগাদ মুক্তি পাবে এ প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘এখনো সিদ্ধান্ত নিইনি; তবে রোজার ঈদের পর মুক্তির চিন্তা রয়েছে।’



