‘সাকিব কতদিন অধিনায়ক থাকবে বলা মুশকিল’
তৃতীয়বারের মতো বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। তবে কতদিন সাকিব টেস্ট অধিনায়কের ভূমিকায় থাকবেন তা নিশ্চিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।
জাতীয় দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে গত মঙ্গলবার পাপনের বাসায় দেখা করে মুমিনুল হক সৌরভ স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দেন।
বৃহস্পতিবার মিরপুরে ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভা শেষে সভাপতি নাজমুল হাসান সাকিব আল হাসানকে টেস্ট অধিনায়ক এবং লিটন দাসকে সহঅধিনায়ক হিসেবে ঘোষণা দেন।
তবে কতদিন তারা এ দায়িত্ব পালন করবেন- এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, পরবর্তী ঘোষণার আগপর্যন্ত সাকিব অধিনায়ক। দিন হিসাবে সাধারণত আমরা বলছি না, কত দিনের জন্য সাকিব-লিটনকে দায়িত্ব দেওয়া হলো। সাকিব কতদিন দায়িত্বে থাকবে এটা বলা মুশকিল।
পাপন বলেন, সুনির্দিষ্ট মেয়াদ ওয়ানডেতে নাই, টি-টোয়েন্টিতে নাই, টেস্টেও নাই। আমরা তাকে করেছি, যতক্ষণ না আমরা যেমন মুমিনুলকে কোনো টাইমফ্রেম দেইনি। ও টেস্ট ক্যাপ্টেন, এখন বলেছে থাকতে চায় না, সেজন্য সেখানে আরেকজনকে দিয়েছি। কেউ যদি সামনে না থাকতে চায় বা এরকম কোনো পরিস্থিতি হয় যে তাকে রাখা যাবে না, তখন কিন্তু এরকম পরিস্থিতি আমরা আগেই অনুমান করব কেন?
গত মাসেই বিসিবি সভাপতি বলেছিলেন, সাকিব কোনটা খেলবেন বা খেলবেন না, আমি নিশ্চিত নই।
বৃহস্পতিবার পাপন বলেন, আমার সঙ্গে সাকিবের যে কথা হয়েছে, সে অবশ্যই খেলবে। আমার আগে অন্যদের সঙ্গে কথা হয়েছে। শুধু আমি নই, অনেকের সঙ্গে কথা হয়েছে। ওর সঙ্গে কথা বলে যেটা জেনেছি…এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আমাদের জিম্বাবুয়ে সিরিজ আছে, সেই সিরিজটায় সাকিব নিশ্চিত নয়। তবে এরপর যত সংস্করণে যত খেলা আছে, সব খেলবে। এই হচ্ছে সাকিবের সঙ্গে কথা। টেস্ট তো অবশ্যই খেলবে বলেছে। আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছিল যে, সে খেলবে কিনা।



