সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র, সাংসদ ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ ডিসেম্বর এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মাসুদুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।
আবেদনে বলা হয়, সাঈদ খোকন, মা শাহানা হানিফ ও জাবেদ আহমেদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছে। এছাড়াও সাঈদ খোকনসহ অন্যান্য কর্মকর্তারা নানান দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন।
আবেদনে আরো বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। দেশের বর্তমান বাস্তবতায় শাহানা হানিফ, মোহাম্মদ সাঈদ খোকন, জাবেদ আহমেদ ও ফারহানা সাঈদ দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।
শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো সপরিবারে আত্মগোপনে চলে যান এই নেতা। এরপর থেকে আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
আত্মগোপনে থাকার কারণে এ বিষয়ে সাঈদ খোকনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এসএস
