লুব-রেফের পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি জ্বালানি খাতের কোম্পানিটির চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের ৩০ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে পুনর্মূল্যায়সহ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৮ পয়সায়।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪০ টাকা ৫০ পয়সা। লেনদেন শুরুর পর থেকে এখন পর্যন্ত শেয়ারটির ২৯ টাকা ৮০ পয়সা ও ৬১ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।



