down of head

রাকাবের নতুন এমডি কাজী আব্দুর রহমান

রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন কাজী আব্দুর রহমান। পদোন্নতির পর তাঁকে এই বিশেষায়িত ব্যাংকটিতে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ ও পদায়নের কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা।

প্রজ্ঞাপন সূত্রে, কাজী আব্দুর রহমান এতদিন জনতা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁকে পদোন্নতি দিয়ে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৭৮,০০০ টাকা (নির্ধারিত) স্কেলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

এতে আরও জানানো হয়, “রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা, ২০২৬” এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নীতিমালা বা প্রজ্ঞাপন অনুযায়ী তাঁর চাকরির শর্তাবলি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মিজ্ মেহের সুলতানাকেও ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে (বিএইচবিএফসি) পদায়ন করা হয়েছে।

সম্পর্কিত খবর