রবিবার থেকে বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয়ে পাঁচ সেবা বন্ধ

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ব্যাংকের সব অফিসে পাঁচ ধরনের গ্রাহকসেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী রবিবার (২৩ নভেম্বর) থেকে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কার্যালয় থেকেই সঞ্চয়পত্র বিক্রি, প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বিনিময়, এ-চালান গ্রহণ এবং চালান-সংক্রান্ত ভাংতি টাকা প্রদান সেবা আর পাওয়া যাবে না। এসব সেবা এখন থেকে শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই পাওয়া যাবে, আর সেগুলোর তদারকি বাড়াবে বাংলাদেশ ব্যাংক।

(২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ নভেম্বরের পর থেকে মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুর অফিসেও সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং এ-চালান–সংক্রান্ত সব সেবা বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সাধারণ মানুষের জন্য কাউন্টার থেকে এসব সেবা প্রদান করে না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তা বিবেচনায় গ্রাহকসংশ্লিষ্ট এই পাঁচ সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এসব সেবা দিতে পারে, সে বিষয়ে তদারকি বাড়ানো হবে।

এর আগে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) শুধু বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে এসব সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে দুই দিন পরই নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংকের সব কার্যালয়ে সেবা বন্ধের সিদ্ধান্ত জানানো হলো।

সম্পর্কিত খবর