ময়মনসিংহে মসলার বাজার চড়া
রমজান সামনে রেখে দেশের অন্যান্য জেলার মতো ময়মনসিংহেও বেড়েছে মসলার চাহিদা। কিন্তু সে অনুপাতে নেই সরবরাহ। ফলে কয়েক দিনের ব্যবধানে জেলার বাজারগুলোয় মসলার দাম ব্যাপক হারে বেড়েছে।
বাজার ঘুরে দেখা গিয়েছে, মরিচের গুঁড়ো ৪০ টাকা বেড়ে ১৭০ টাকা, হলুদের গুঁড়ো ১০ টাকা বেড়ে ১৪০, ধনিয়া গুঁড়ো ৩০ টাকা বেড়ে ১৪০, হাইব্রিড জিরা ৩০ টাকা বেড়ে ৭০, পাকনায়া জিরা ৫০ টাকা বেড়ে ৩৭০, এলাচ ২০০ টাকা বেড়ে ১ হাজার ৮০০, লং ১০০ টাকা বেড়ে ১ হাজার ১০০ টাকায় পৌঁছেছে। অন্যদিকে কাঁচাবাদাম ১৫ টাকা বেড়ে ৩৫, সরিষা ১০ টাকা বেড়ে ৯০, সাদা সরিষা ১০০, কালোজিরা ২৮০, পাঁচফোড়ন ২০ টাকা বেড়ে ১৮০ ও তেজপাতা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেশী পেঁয়াজ ৪০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩৫, দেশী রসুন ৩৫, ভারতীয় রসুন ১২০, আদা ৬০ ও শুকনো মরিচ ১৬০ কেজি দরে বিক্রি হচ্ছে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সম্প্রতি বাজার মনিটরিং শুরু হয়েছে। কোনো বিক্রেতাই বেশি দামে পণ্য বিক্রি করতে পারবে না। এ ব্যাপারে প্রশাসন সজাগ।


