মালয়েশিয়ার শ্রমবাজার ঝুলে যায়নি : প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার ঝুলে যায়নি। সেখানকার শ্রমবাজার খুললেই বাংলাদেশের শ্রমিকরা কম খরচে দেশটিতে যেতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর খিলক্ষেতের লঞ্জনীপাড়া বরুয়াতে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আলোচনা না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব না। আমাদের উদ্দেশ্য শ্রমিক ও তাদের স্বার্থের জন্য যা কিছু করা প্রয়োজন সে অনুযায়ী আমি কাজ করবো। মালয়েশিয়ার শ্রমবাজারের জন্য তারা একটি প্রস্তাব দিয়েছে, আমরাও একটি প্রস্তাব দিয়েছি। আমরা কোনো সিন্ডিকেটের পক্ষে বা বিপক্ষে নই।

ইমরান আহমদ জানান, আগামী ২৭ মার্চ তিনি প্রধানমন্ত্রীর দেয়া অন্য একটি দায়িত্বে মালয়েশিয়া যাচ্ছেন। তিনি চেষ্টা করবেন, সেই কাজের মধ্যেই শ্রমিকের স্বার্থ ও দেশটিতে শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা করতে।

বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মহাপরিচালক হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।

সম্পর্কিত খবর