ভ্রমণ সীমিতের সিদ্ধান্ত পর্যটন শিল্পের জন্য হুমকিস্বরূপ: টোয়াব
সেন্ট মার্টিনে পর্যটন সীমিত করার সিদ্ধান্ত দেশের পর্যটন খাতের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। গতকাল এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় সংগঠনটি। এ সময় সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের মাধ্যমে দ্বীপটিকে আরো পর্যটকবান্ধব করে গড়ে তোলার দাবিও জানায় টোয়াব।
‘পর্যটন বাঁচান, সেন্ট মার্টিন বাঁচান’ শিরোনামে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টোয়াবের সদ্য বিদায়ী সভাপতি ও বাংলাদেশে ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডির সদস্য মো. রাফেউজ্জামান। আরো উপস্থিত ছিলেন হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন অব সেন্ট মার্টিনসের (হোস্ট) সাধারণ সম্পাদক আবু জাফর পাটোয়ারী, সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, টোয়াবের টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী ও সহসভাপতি মো. সাহেদ উল্লাহ্।
সংবাদ সম্মেলনে টোয়াব দাবি করে, দেশে সমুদ্র ভ্রমণের সুযোগ সংকুচিত হলে পর্যটকরা বিদেশমুখী হবে। এতে করে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাবে। ফলে সেন্টমার্টিনে পর্যটন সীমিত করার সিদ্ধান্ত এ খাতের জন্য চরম আত্মঘাতী হবে। পর্যটন শিল্পের উন্নয়নের স্বার্থে ভ্রমণ সীমিত না করে বরং সুষ্ঠু ব্যবস্থাপনা ও নীতিমালার মাধ্যমে জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখা প্রয়োজন।



