ভোজ্যতেল বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

আন্তর্জাতিক পর্যায়ে মূল্যবৃদ্ধি ও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে খোলা সয়াবিন তেল ১৪০ টাকা থেকে বেড়ে এক লিটার ১৮০ টাকা ও পাম অয়েলে ৪২ টাকা বাড়িয়ে লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭২ টাকা। তবে নতুন দাম নির্ধারণের পর থেকে সয়াবিন তেলের দামে নৈরাজ্য চলছে। বাড়তি দামে মিলছে না ভোজ্যতেল। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের অবৈধ মজুদের সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন।

এমন পরিস্থিতিতে ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য সংস্থার প্রতিনিধি উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

এদিকে নতুন তেল নয়, আগের মজুদ করা বোতলজাত সয়াবিন বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বিশেষ অভিযান চালিয়ে এ রকমই প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে শাহ মিরন জেনারেল স্টোরকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, ফাহমিনা আক্তার ও মো. মাগফুর রহমান।

এ সময় আব্দুল জব্বার মন্ডল বলেন, সয়াবিন তেল সরবরাহ পরিস্থিতি তদারক করতে কারওয়ান বাজারে অভিযান চালানো হয়। এ সময় আগের কেনা বোতলজাত সয়াবিন তেল— যেখানে মূল্য লেখা আছে ১৬০ টাকা, বর্তমান মূল্য তা ১৯৮ টাকায় বিক্রি করা হচ্ছে।

সম্পর্কিত খবর