ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানের সংসদ
পাকিস্তানের জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ পাওয়ার পরই আইনসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন তিনি।
সংসদ ভেঙ্গে দেওয়ার পর আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে। রবিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
এর আগে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন দেশটির জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান। এই প্রস্তাবকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি বলেও আখ্যায়িত করেন তিনি।
এরপর ইমরান খান রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেছেন, তিনি প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগে রবিবার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। আর এ কারণে আজকের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।



