ব্রিটেনে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ
তৈরি পোশাক ছাড়া বাংলাদেশের আর কোনো পণ্য ব্রিটেনে ব্যাপকভিত্তিতে রপ্তানি হয় না। যেসব পণ্য দেশটিতে যায়, তার প্রধান ক্রেতা মূলত বাংলাদেশি প্রবাসীরাই। এ অবস্থার পরিবর্তন ঘটাতে চায় বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এজন্য ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসিআই) সঙ্গে যৌথভাবে কাজ করবে সংগঠনটি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল এফবিসিসিআই ভবনে বিবিসিসিআইয়ের সভাপতি বশির আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিমউদ্দিন। দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা ব্রিটেনের অর্থনীতির মূলধারায় অবদান রাখছে এবং নিজেদের অবস্থান দৃঢ় করেছে। তাদের মাধ্যমেই দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের বাজার বিস্তৃত করতে আগ্রহী এফবিসিসিআই সভাপতি।
এ লক্ষ্যে ঢাকা সফররত বিবিসিসিআই প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য ও জুতা, হ্যান্ডিক্র্যাফটসের ব্যবসায়ীদের নিয়ে শিগগিরই বৈঠকের আয়োজন করবে এফবিসিসিআই। ব্রিটেনের বাজারে রপ্তানি সমস্যা চিহ্নিত ও দূর করতে এ বৈঠকে কৃষি মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিমানবন্দর ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হবে।
সাক্ষাৎ অনুষ্ঠানে বিবিসিসিআই সভাপতি বশির আহমেদ বলেন, বাংলাদেশি রপ্তানিকারকরা ব্রিটেনে বিপণন কৌশলে পিছিয়ে আছেন। বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে তথ্য জানা থাকলে ব্রিটেনের ক্রেতাদের মধ্যে এ দেশের পণ্য কেনার আগ্রহ আরও বাড়ত।
ভবিষ্যতে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে খাতভিত্তিক ওয়ার্কিং গ্রুপ তৈরির ব্যাপারে একমত হয়েছেন দুই বাণিজ্য সংগঠনের সভাপতি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এমএ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন এবং পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও ড. ফেরদৌসী বেগম।



