বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে বেনাপোল বন্দর দিয়ে আজ শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেক পোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান ইমিগ্রেশনের ওসি মো. ইলিয়াস হোসেন।
এদিকে, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান বলেন, এনবিআরকে ভেঙে দুই ভাগে বিভক্ত করা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে আন্দোলন করে আসছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
গত ২৫ জুন এক প্রেসনোটের মাধ্যমে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানকে অপসারণ করা না হলে ২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে।
তাদের এই আন্দোলনের কারণে সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। এতে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পন্যবাহী ট্রাক, যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখি পোশাক শিল্পের কাঁচামাল রয়েছে।
বেনাপোল স্থল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের কারণে বেনাপোল বন্দর দিয়ে আজ সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
তবে এ সময়ে বেনাপোল বন্দর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো সে দেশে ফেরত যেতে পারবে বলে জানান তিনি।
