ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড
বীমায় তথ্য ফাঁস ও অনিয়মে বরখাস্ত হলেন ৩ জন 

জিনান মাহমুদ :

বীমা আইন লঙ্ঘন, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ, তথ্য ফাঁস, অতিরিক্ত কমিশন গ্রহণ, বাকি ব্যবসা, ডামি নিয়োগ, অর্থ লোপাট- এমন অভিযোগে তিন জনকে বরখাস্ত করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স এর কনসালট্যান্ট মো. আনিসুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও লোকাল অফিসের শাখা প্রধান মো. আনোয়ারুল হোসেন ও ভাইস প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসেন।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সূত্র জানিয়েছে, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও লোকাল অফিসের শাখা প্রধান মো. আনোয়ারুল হোসেনের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক কাঠামো ভঙ্গ এবং বীমা আইন লঙ্ঘনের অভিযোগ দীর্ঘ দিনের। সবশেষ বাকি ব্যবসা, অতিরিক্ত কমিশন এবং প্রতিষ্ঠানের নির্দেশ অমান্য, ডামি নিয়োগ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি-সুশাসনের ঘাটতিসহ নানা অভিযোগ তীব্র হলে এই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানীর সিদ্ধান্তের ‘বিপরীতে বীমা পলিসি ইস্যু’ করার কারণে বরখাস্ত করা হয়।

একইসাথে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গ এবং তথ্য পাচার, পরিচালনা পর্ষদের নির্দেশ অমান্যসহ বিভিন্ন অভিযোগ উঠলে  ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানীর কনসালট্যান্ট মো. আনিসুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসেনকেও বরখাস্ত করা হয়।

এ প্রসঙ্গে মো. আনিসুর রহমান বলেন, আমি অসুস্থ ছিলাম। অনেক দিন অফিসে যাইনি। কেন, কোন অভিযোগে বরখাস্ত করা হলো, জানি না।

মো. শাহাদাত হোসেন বলেন, আমি কোন চিঠি পাই নি। আমাকে প্রধান কার্যালয় থেকে কুষ্টিয়া অফিসে কাজ করার জন্য পাঠানো হয়েছিলো। পরে কুষ্টিয়া অফিসে চাকুরী সংক্রান্ত একটি মেইল এসেছে। বিষয়টি নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির মূখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি।

সম্পর্কিত খবর