বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।
মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বেঞ্চমার্ক হিসেবে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৫৯ ডলারে ওঠে।
এর আগে সোমবারও তেলের বাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। ওই দিন ব্রেন্টের দাম ২ দশমিক ৭ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়েছিল। নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় বাজারে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ তেলের বাজারে বড় প্রভাব ফেলছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেল সরবরাহে চাপ তৈরি হতে পারে। সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি অবকাঠামো ও সমুদ্রপথে হামলার ঝুঁকিও বাড়তে পারে বলে বাজার বিশ্লেষকেরা মনে করছেন।
ফলে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরবর্তী গতিপথের ওপরই এখন অনেকটা নির্ভর করছে আন্তর্জাতিক তেলের বাজার। সংঘাত আরও বাড়লে সরবরাহ সংকটের আশঙ্কায় দাম আরও বাড়তে পারে, অন্যদিকে উত্তেজনা কমলে বাজারে স্বস্তি ফিরতে পারে।



