শিরোনাম
down of head

বিনিয়োগ সম্ভাবনা খুঁজতে পশ্চিমবঙ্গে ডিসিসিআই প্রতিনিধিরা

দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা খুঁজতে আজ ভারতের পশ্চিমবঙ্গের সফরে যাচ্ছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধি দল। ৪৫ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান।

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারের ও নতুন বাণিজ্যের সম্ভাবনা উন্মোচন এবং বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণই ডিসিসিআই প্রতিনিধি দলের কলকাতা সফরের মূল লক্ষ্য। ডিসিসিআই প্রতিনিধিরা জানান, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারকরণে পশ্চিমবঙ্গ অন্যতম প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়ে থাকে। এমন বাস্তবতায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জনগণের মধ্যকার যোগাযোগ আরো সম্প্রসারণ, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধি করা প্রয়োজন। এটি দুই দেশের উন্নয়ন ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সফরকালে ডিসিসিআই প্রতিনিধিরা ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি), কলকাতা চেম্বার অব কমার্স, বেঙ্গল চেম্বার অব কমার্স, বেঙ্গল বিজনেস কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনায় অংশ নেবেন। এছাড়াও একটি বিটুটি ম্যাচ-মেকিং সেশনে যোগদান করবে প্রতিনিধি দলটি। পাশাপাশি ডিসিসিআই প্রতিনিধিরা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি শিল্পাঞ্চল পরিদর্শন করবে।

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য ও এন্টারপ্রাইজ এবং অর্থ, কৃষি এবং কো-অপারেটিভস মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবে। ২৮ মে প্রতিনিধি দলটি ঢাকায় ফিরবে বলে আশা করা যাচ্ছে।

সম্পর্কিত খবর