প্রাণী বীমায় ফিনিক্স ইনস্যুরেন্সের সাথে সুইসরি’র চুক্তি
সুইস রি (swissre) এর সঙ্গে পুনঃবীমার চুক্তি করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিদেশি সুইস রি কোম্পানিটি প্রাণী বীমার পুনঃবীমাকারী হিসেবে বিশ্ব বিখ্যাত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ চুক্তির ফলে সুইস রি’র কাছ থেকে প্রতিটি প্রাণীর পলিসি অর্থাৎ বিমা থেকে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা দাবি পাবে ফিনিক্স ইন্স্যুরেন্স।
বীমাকৃত প্রাণী চুরি কিংবা হারিয়ে যাওয়া ঝুঁকি শুধুমাত্র নন-স্কিম প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। মৃত্যু এবং হারানো বীমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে বীমাকৃত প্রাণীর সর্বোচ্চ মূল্য বা বর্তমান বাজার মূল্য পর্যন্ত পরিশোধ করবে। প্রতিটি বীমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে দাবিকৃত অংকের ওপর ১০ শতাংশ ডিডাকটেবল বা কর্তন প্রযোজ্য হবে।
এছাড়া সার্ভে রিপোর্ট এবং আনুষঙ্গিক ডকুমেন্টস কোম্পানি কর্তৃক গৃহীত হওয়ার পর ১৫ দিনের মধ্যে বীমা দাবি পরিশোধ করবে পুনঃবীমা কোম্পানি।
উল্লেখ্য, প্রধান শাখার পাশাপাশি সারাদেশে মোট ৩১টি শাখা অফিসের মাধ্যমে খামারিদের প্রাণী বীমা সেবা দিচ্ছে ফিনিক্স ইন্স্যুরেন্স। পশুসম্পদ ও গবাদি পশু বাংলাদেশে লাখ লাখ কৃষকের জীবন-জীবিকার অন্যতম অবলম্বন। একটি বৃহৎ গোষ্ঠী গরু-মহিষ-ছাগল-ভেড়া ইত্যাদি গবাদি পশু ব্যক্তি পর্যায়ে ও বাণিজ্যিকভাবে লালন-পালন করে জীবিকা নির্বাহ করে থাকেন। খামারিদের আর্থিক সুরক্ষার নিরাপত্তা দিতে এ ‘প্রাণী বীমা সেবা’ শুরু করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স।
প্রাণী বীমাকারী বীমা গ্রহীতার বীমাকৃত প্রাণী বীমা পত্রের মেয়াদ কালে চুরি হলে বা হারিয়ে গেলে অথবা স্থায়ীভাবে পূর্ণাঙ্গ পঙ্গু হলে কিংবা দুর্ঘটনা, আঘাত, জখম, অসুস্থতা বা বিভিন্ন ধরনের রোগের কারণে মারা গেলে ওই ক্ষতিগ্রস্ত প্রাণীর বীমাকৃত অংক বা বাজারমূল্য পর্যন্ত ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়। তবে তার জন্য নির্ধারিত হারে বার্ষিক প্রিমিয়াম দিতে হয়।


