প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পাল্টা আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি ক্রাউন প্রিন্সকেও। দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার লক্ষ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে উভয় পক্ষ।
মঙ্গলবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়ে শামা ওবায়েদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার ওপর সৌদি সরকার সম্পূর্ণ আস্থা ব্যক্ত করেছে।” তিনি জানান, আলোচনা অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। ফিশারিজ, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে সৌদি আরবের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। যুদ্ধের সময় নিহত তিন বাংলাদেশির কথা সৌদি প্রতিনিধি দল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। সৌদি সরকারের সহযোগিতায় তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হওয়ায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। এ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
শামা ওবায়েদ বলেন, খুব শিগগিরই সৌদি আরবে একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। এছাড়া চলতি বছর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে।
পাসপোর্টসংক্রান্ত জটিলতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সমাধানে জেদ্দা ও রিয়াদে বাংলাদেশের মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট সংশ্লিষ্ট কারিগরি টিম এবং সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্ট্রির কারিগরি দলের আলোচনার মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা হবে।
সৌদি প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, প্রতিনিধি দল শুধু একটি খাতে নয়, বাংলাদেশের বিভিন্ন খাতে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সৌদি-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ প্রকাশ করেছে।
সোমবার রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


