প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে বিকন ফার্মাসিউটিক্যালসের
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ছয় গুণের বেশি বেড়েছে। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে বিকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ২৭ পয়সা বা ছয় গুণের বেশি। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৭১ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২০ টাকা ২৯ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। যেখানে আগের বছরে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ১৮ পয়সায়।
ডিএসইতে গতকাল বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের সর্বশেষ দর ছিল ২৩৮ টাকা ১০ পয়সা।


