পুনাক দেশে-বিদেশে পরিচিতি পেতে শুরু করেছে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) প্রধান পৃষ্ঠপোষক ড. বেনজীর আহমেদ বলেছেন, পুনাকের বর্তমান সভানেত্রীর নেতৃত্বে গত দু-বছরে সংগঠনটির তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটেছে। পুনাক আজ দেশে-বিদেশে পরিচিতি পেতে শুরু করেছে। আঞ্চলিক পরিমণ্ডলেও পুনাকের পরিচিতি রেখাপাত করেছে।
বুধবার (১৫ জুন) রাতে রাজধানীর রাজারবাগে পুলিশ মিলনায়তনে পুনাক সভানেত্রী হিসেবে জীশান মীর্জার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, সংগঠন একটি জীবন্ত বিষয়। নানা পরিবর্তন এবং সংস্কারের মধ্য দিয়ে একটি সংগঠন এগিয়ে যায়। সময়ের পরিক্রমায় পুনাক ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।
সংগঠনটির অগ্রগতিতে অবদান রাখায় পুনাকের সব পর্যায়ের সদস্যদের ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান আইজিপি।
পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, পুলিশ এবং পুনাক একই সূত্রে গাঁথা। পুলিশ কর্মকর্তাদের আকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা না পেলে পুনাকের পক্ষে এতদূর আসা সম্ভব হতো না।
জীশান মীর্জা আরও বলেন, সবার সহযোগিতায় কিছুটা পথ এসেছি, আমাদের আরও বহুদূর যেতে হবে।
গত দুই বছর দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য জীশান মীর্জা পুলিশ কর্মকর্তা এবং পুনাকের সব সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শুরুতে পুনাকের গত দুই বছরের কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি ও পুনাক থিম সং প্রদর্শন করা হয়। এ উপলক্ষে ‘পুনাক কথন’ ও ‘পুলিশ পরিবারে স্বাগতম’ শীর্ষক দুটি পুস্তকের মোড়ক উন্মোচন করা হয়।
পুনাকের প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদিকা উম্মে সালমা মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে পুনাক উপদেষ্টা পরিষদের সদস্য অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পুনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুনাক পুলিশ পরিবারের নারী সদস্যদের নিয়ে গঠিত একটি সেবাধর্মী সংগঠন। পুনাককে নিজস্ব বৃত্তের বাইরে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিয়ে গেছেন বর্তমান সভানেত্রী।



