পানির চাপে খুলে দেওয়া হলো তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাট
পানির চাপে খুলে দেওয়া হলো তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাট।
উত্তরাঞ্চলে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে ফের তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। লালমনিহাটের হাতীবান্ধায় দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল ৯টার দিকে ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমা ৫২.১৫ মিটার অতিক্রম করে ৫২.২০ মিটার উচ্চতায় প্রবাহিত হয়। ব্যারাজ এলাকায় স্বাভাবিক পানির বিপৎসীমা ৫২.১৫ মিটার। এর আগে গত শনিবার পানির উচ্চতা ছিল ৫১.৮০ মিটার, যা বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ১৬ ঘণ্টায় নদীর পানি ৪০ সেন্টিমিটার বেড়েছে। এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করল। এর আগে সর্বশেষ ২৯ জুলাই রাতেও পানি ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
পাউবো সূত্র জানিয়েছে, রোববার ভোরে হঠাৎ পানির প্রবাহ বৃদ্ধি পায়। চাপ সামলাতে ব্যারাজের সব (৪৪টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে।
পানির এই বৃদ্ধির ফলে তিস্তা ব্যারাজের উজান ও ভাটির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখরিবাড়ি, টেপাখরিবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের নদী তীরবর্তী গ্রামগুলোতে পানি ঢুকে পড়েছে বাড়িঘর ও উঠানে। এতে অনেক কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে এবং কৃষকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।


