নির্বাচনী প্রচারকেন্দ্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর কান্দুর বাজারে আওয়ামী লীগের নৌকা প্রার্থী আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার মোজাম্মেল হোসেন মোজার সমর্থকদের মধ্যে সংঘর্ষে চার জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গোলাপ হোসেন ও মাওলানা আ. হাকিমের নাম জানা গেছে। আহতদের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, শুক্রবার রাতের দিকে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হোসেন মোজার নেতৃত্বে ৩০/৩৫ জন কান্দর বাজারে নৌকার প্রচারকেন্দ্র ভাঙচুর করে। এ নিয়ে নৌকা প্রার্থীর সমর্থকদের সঙ্গে মোজার সমর্থকদের সংঘর্ষ হয়। নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের অবরুদ্ধ করে রাখে। পরে ফুলবাড়ীয়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হোসেন মোজা জানান, আমাদের নির্বাচনি প্রচার অফিস করতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তবে নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক জানান, নৌকার নির্বাচনি প্রচার অফিস ভাঙচুরের ঘটনায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ফুলবাড়ীয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

সম্পর্কিত খবর