down of head

নাম পরিবর্তন করবে প্যারামাউন্ট টেক্সটাইল

নাম পরিবর্তন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। বিদ্যমান নিবন্ধিত নাম প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড পরিবর্তন করে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি করার সিদ্ধান্ত নেয়া নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিসই) মাধ্যমে আজ রোববার এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে নাম পরিবর্তনের পাশাপাশি অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটির বর্তমান অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। এটি বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর নাম পরিবর্তন ও মূলধন বাড়ানোর এ সিদ্ধান্ত কার্যকর করবে প্রতিষ্ঠানটি।

এদিকে পরিচালনা পর্ষদের সভা থেকে ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও সব শেয়ারহোল্ডারের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২৩ টাকা ১০ পয়সা (পুনর্মূল্যায়িত)। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৮ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৮ নভেম্বর।

সর্বশেষ ঋণমান অনুসারে, স্বল্পমেয়াদে কোম্পানিটির রেটিং ‘এসটি-১’, যা স্থিতিশীল অবস্থাকে নির্দেশ করে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ৮ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আনুষঙ্গিক তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও সব ধরনের শেয়ারহোল্ডারকে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ২৪ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ৩৪ পয়সা (পুনর্মূল্যায়িত)।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্যারামাউন্ট টেক্সটাইল। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও বাকি ৯ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৭ হিসাব বছরে ৫ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৫৫ কোটি ৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৪৭ কোটি ৭০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৫৫৫। এর মধ্যে ৬০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া ১৩ দশমিক ২১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩ দশমিক ৭৫ শতাংশ বিদেশী ও বাকি ২২ দশমিক শূন্য ৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে আজ রোববার শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮৩ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪০ টাকা ১০ পয়সা ও ৯৪ টাকা ৩০ পয়সা।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৮ দশমিক ৭৪, হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১৮ দশমিক ৪৪।

সম্পর্কিত খবর