শিরোনাম
down of head

৩ সদস্যের কমিটি গঠন
দেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএ

অনলাইন নিউজ পোর্টাল ‘অর্থবাংলা’য় প্রকাশিত এক চাঞ্চল্যকর সংবাদের জের ধরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উপপরিচালক দেলোয়ার হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হত্যা মামলার আসামিকে নিয়ে প্রাতিষ্ঠানিক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।

আইডিআরএ-র পরিচালক (প্রশাসন) ও উপসচিব মোঃ বদিউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, সংবাদের তথ্যসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করে কর্তৃপক্ষ বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে। গঠিত কমিটিতে আইডিআরএ-র সদস্য (প্রশাসন) মোঃ সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং নির্বাহী পরিচালক (প্রশাসন) মনিরা বেগম ও পরিচালক (আইন) বিশ্বজিত কুমার পালকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী চার সপ্তাহের মধ্যে বিস্তারিত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘অর্থবাংলা’য় ‘হত্যা মামলার আসামি নিয়ে আইডিআরএ কর্মকর্তার সিন্ডিকেট’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই অর্থ মন্ত্রণালয়, আইডিআরএ এবং পুরো বীমা খাতজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর দেলোয়ারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ্যে আসতে শুরু করে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি ওঠে।

এদিকে, প্রকাশিত খবরের ভিত্তিতে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) দেলোয়ারের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়ে আইডিআরএ-কে চিঠি পাঠিয়েছে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে আইডিআরএ-র এক কর্মকর্তা জানান, “প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারীরই অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। উপপরিচালক দেলোয়ারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

আরো পড়ুন:

হত্যা মামলার আসামি নিয়ে আইডিআরএ কর্মকর্তার সিন্ডিকেট!

সম্পর্কিত খবর