দূরত্ব বজায় রেখে মাস্ক পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার বিকেলে রাজধানীর শ্যামলীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত ক্যাম্পেইনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণের কথা ভুলে গেলে চলবে না। সংক্রমণ আবারও বাড়ছে। কাজেই আগে থেকে আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে সবাইকে মাস্ক পরতে হবে’।

আজ থেকে আগামী ১৯ জুন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে কাছের ইপিআই ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। ৬-১১ মাস বয়সী ২৪ লাখের অধিক শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে’।

তিনি আরো বলেন, ‘১২-৫৯ মাস বয়সী প্রায় এক কোটি ৯৬ লাখের অধিক শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও জন্মের পর (এক ঘণ্টার মধ্যে) শিশুকে শালদুধ খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে’।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্ম্দ খুরশীদ আলম, শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা এবং পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডা. এস. এম. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সম্পর্কিত খবর