দরবৃদ্ধির শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে গতকাল দরবৃদ্ধিতে শীর্ষে রয়েছে বীমা খাতের কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ। ডিএসইতে এদিন কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬৫ টাকা ৫০ পয়সা।
ফিক্সড প্রাইস পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু হয় গত ৭ নভেম্বর। আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। কোম্পানিটির শেয়ার বরাদ্দ চলে এ বছরের ৭ অক্টোবর পর্যন্ত। এদিকে সমাপনী দরের ভিত্তিতে গতকাল দরবৃদ্ধিতে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো একমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে এমজেএল বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬৪ শতাংশ। এর পরের অবস্থানে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ও জিবিবি পাওয়ার লিমিটেড। কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে যথাক্রমে ৯ দশমিক ৬১ শতাংশ ও ৯ দশমিক ৩০ শতাংশ।



