ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ
বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল শেষে বাসায় ফেরার পথে ছাত্রদলের এক নেতার ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুর ১২টার দিকে পাথরঘাটা থানা মসজিদ এলাকার কেজি স্কুল রোডের গলিতে এ ঘটনা ঘটে।
আহত জয়নাল আবেদীন পাথরঘাটা পৌরসভার ৫নং ওয়ার্ডের মো. শাহ আলমের ছেলে ও পাথরঘাটা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
আহত জয়নাল আবেদীন যুগান্তরকে জানান, কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে পাথরঘাটা বিএনপির কার্যালয়ে যান তিনি। কর্মসূচি শেষে সেখান থেকে বাসায় ফেরার পথে কেজি স্কুল রোডের দ্বিতীয় গলিতে ছাত্রলীগের কয়েকজন নেতা তার পথ রোধ করেন। এ সময় তারা বাঁশ দিয়ে হামলা চালান। পা ও কোমরে বেধড়ক পিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে ছাত্রদলের নেতারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালীদ মক্কী।
তিনি জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা কাউকে মারধর করেনি। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল ছাত্রলীগের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
পাথরঘাটা থানার ওসি আবুল বাশার বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।



