চীনা কোম্পানির কাছে পণ্য বিক্রি করবে বিবিএস কেবলস
চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) লিমিটেডের সঙ্গে পণ্য সরবরাহ চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস লিমিটেড। সিসিসিসির কাছে পাওয়ার কেবল ও কন্ট্রোল কেবলসহ বেশকিছু পণ্য বিক্রি করবে প্রকৌশল খাতের কোম্পানিটি। যার মূল্য হবে ৪৭ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৭০৪ টাকা। চুক্তি স্বাক্ষর-পরবর্তী ৯০ দিনের মধ্যে এ পণ্য সরবরাহ করা হবে। গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিবিএস কেবলস। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিত প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বিবিএস কেবলসের ইপিএস হয়েছে ৩ টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩ টাকা ৯০ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ১২ পয়সায়।



