ঘুরে দাঁড়িয়েছে পদ্মা ব্যাংক
ঘুরে দাঁড়িয়েছে পদ্মা ব্যাংক। নতুন বছরে অত্যন্ত আকর্ষণীয় সব নতুন প্রোডাক্ট নিয়ে সম্পূর্ণ নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আসছে।
অচিরেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে চতুর্থ প্রজন্মের সবচেয়ে আধুনিক ব্যাংকটি, বলেন পদ্মা ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু।
বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে টাউন হল মিটিং করেছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড। এতে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু টাউন হল মিটিংয়ে খেলাপি ঋণ আদায়, ভবিষ্যত পরিকল্পনা, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন। এছাড়াও ভিশন-২০২০-এর রোড ম্যাপ ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে ২১ জন কর্মকর্তাকে ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদানের জন্য স্বীকৃতি হিসেবে ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-দেওয়া হয়।
রাজধানীর মিরপুরে শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত টাউন হল মিটিংয়ে সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু।
পদ্মা ব্যাংক পর্ষদ চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ এফসিএ।
পদ্মা ব্যাংকের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন—তামিম মারজান হুদা, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল-ইসলাম, রূপালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। এছাড়া বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতনরা-সহ ৫৭ শাখার সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


