ঘরে গৃহবধূর লাশ, খোঁজ মিলছে না স্বামীর
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে আরিফা বেগম (১৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী মোহাম্মদ হেলালকে (২৫) খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার (৮ নভেম্বর) রাত ১০টায় উপজেলার শ্যামবাগাত এলাকায় আরিফার মায়ের ভাড়া বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
আরিফা বেগম উপজেলার ধনপোতা এলাকার মো. আরিফ আলি শেখের মেয়ে। মোহাম্মদ হেলাল খুলনার দিঘোলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে আরিফার সঙ্গে মোহাম্মদ হেলালের বিয়ে হয়। তাদের সংসারে ১৩ মাস বয়সী একটি ছেলে রয়েছে। সন্তান নিয়ে খুলনা শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানকে নিয়ে শয়ামবাগাত এলাকায় মায়ের বাসায় আসেন আরিফা। ধারণা করা হচ্ছে, মোহাম্মদ হেলাল তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ঘটনার পর থেকে মোহাম্মদ হেলাল পলাতক। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।


