গ্যাস সংকট দ্রুত সমাধানের আহ্বান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন শিল্প কারখানায় গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। চট্টগ্রামে সরবরাহ কমিয়ে অন্যত্র গ্যাস সরবরাহ হচ্ছে বলেও জানা যায়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, পর্যাপ্ত গ্যাসের অভাবে অনেক শিল্প-কারখানা উৎপাদন চালু রাখতে বাধ্য হয়ে ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভর করছে। ফলে উৎপাদিত পণ্যের খরচ অনেক বেড়ে যাচ্ছে এবং শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। শুধু গ্যাস সংকট নয় লোডশেডিও ভোগাচ্ছে দেশের মানুষকে।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানও বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছে বলে জানান তিনি।

এমতাস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি অবিলম্বে বিকল্প ব্যবস্থায় হলেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে চট্টগ্রামের শিল্প-কারখানা এবং বাসা-বাড়িতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহসহ জরুরিভিত্তিতে এ সংকট সমাধানের আহ্বান জানানখলিলুর রহমান।

সম্পর্কিত খবর