‘কিং’-এর শুটিং রেখে দেশে ফিরছেন শাহরুখ

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
পুরস্কার ঘোষণায় শাহরুখের এমন প্রাপ্তিতে মেতে ছিল পুরো বলিউড।

বিজয়ীদের নাম ঘোষণার পর থেকেই অনুষ্ঠান কবে হবে তা নিয়ে ছিল জল্পনা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো দিনক্ষণ।

ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান।

এদিকে পোলান্ডে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং করছিলেন শাহরুখ খান। পুরস্কারের তারিখ ঠিক হওয়ায় শুটিং স্থগিত রেখে কিং খান দেশে ফিরছেন বলেই খবর।

তথ্য অনুযায়ী, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এবং জুরি সদস্যদের সময়, তারিখ ও অনুষ্ঠানস্থল সম্পর্কিত তথ্য চিঠি ও আমন্ত্রণপত্রের মাধ্যমে জানানো হয়েছে।

প্রটোকল অনুযায়ী, আমন্ত্রিতরা বিমান টিকিট, আবাসন এবং দিল্লি বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে আসা এবং সেখান থেকে ফেরার যাবতীয় সব সুবিধা পাবেন। যা চিঠিতে উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। একই বিভাগে তাঁর সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’-এর বিক্রান্ত মাসে।

সম্পর্কিত খবর