এসবিএসি ব্যাংকের অডিট চেয়ারম্যান জিয়া
এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের অডিট কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হিসাববিদ জিয়াউর রহমান জিয়া এফসিএ। তিনি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থায়ন, নিরীক্ষা ও করপোরেট সুশাসন বিষয়ে তাঁর ২১ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে।
জিয়াউর রহমান জিয়া দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) এবং প্রতিষ্ঠানটির নির্বাচিত কাউন্সিল সদস্য। পাশাপাশি তিনি অ্যাসোসিয়েশন অব সার্টিফায়েড ফ্রড এক্সামিনার্সের সহযোগী সদস্য।
হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী জিয়াউর রহমান জিয়া ২০০৫ সালে কর্মজীবন শুরু করেন। পেশাজীবনে তিনি দেশের অন্যতম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি প্রতিষ্ঠান এ. কাসেম অ্যান্ড কোং-এর পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি বিভিন্ন খাতে নিরীক্ষা, নিশ্চয়তা প্রদান, পরামর্শ ও বিধিবিধান পরিপালনসংক্রান্ত কাজে অভিজ্ঞতা অর্জন করেন। এ ছাড়া ব্যাংকের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
নিরীক্ষা, জালিয়াতি শনাক্তকরণ, আর্থিক তদন্ত ও ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষায়িত দক্ষতা রয়েছে জিয়াউর রহমানের। এসব অভিজ্ঞতা ব্যাংকের অডিট কমিটির কার্যক্রম ও করপোরেট সুশাসনসংক্রান্ত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা হিসেবেও পরিচিত জিয়াউর রহমান জিয়া। তিনি আরএস টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান এবং প্রগতি সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আঞ্চলিক পর্যায়ে তিনি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর হিসাববিষয়ক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এর আগে ২০২০ সালে আইসিএবির ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়া সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন জিয়াউর রহমান জিয়া। তিনি ঢাকাভিত্তিক দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডিইউএস) সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখছেন।



