উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের নতুন প্ল্যাটফর্ম
উন্নয়ন কর্মকাণ্ডে দাতব্য তহবিল, বেসরকারি বিনিয়োগ, বিশেষজ্ঞ জ্ঞান ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কাজে লাগাতে নতুন প্ল্যাটফর্ম ‘ফিলানথ্রপি হাব’ চালু করেছে বিশ্বব্যাংক গ্রুপ। উন্নয়ন চাহিদা বাড়লেও সরকারি সম্পদের ওপর চাপ থাকায় বেসরকারি ও দাতব্য সংস্থার সঙ্গে অংশীদারত্ব জোরদার এবং সফল উদ্ভাবনী উদ্যোগ বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করাই এ উদ্যোগের লক্ষ্য।
সোমবার (১২ অক্টোবর) ব্যাংককে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা চলাকালে প্রথম বিশ্বব্যাংক গ্রুপ ফিলানথ্রপি ফোরামে প্ল্যাটফর্মটি চালু করা হয়। এতে দাতব্য ফাউন্ডেশন, পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও বিভিন্ন অংশীদার সংগঠনের ২০০-এর বেশি প্রতিনিধি অংশ নেন।
বিশ্বব্যাংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান জ্ঞান কর্মকর্তা পাসকাল ডোনোহু বলেন, উন্নয়নের চাহিদা বাড়ছে, অন্যদিকে সম্পদের ওপর চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, দাতব্য সংস্থাগুলোর বিশেষজ্ঞ জ্ঞান ও উদ্ভাবনী সমাধানের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের উন্নয়ন লক্ষ্য এবং কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নতুন এই হাব বিভিন্ন ধারণা, সম্পদ ও অংশীদারকে একত্র করে কার্যকর সমাধান বৃহত্তর পরিসরে বাস্তবায়নে সহায়তা করবে।
বিশ্বব্যাংক গ্রুপের ভাষ্য অনুযায়ী, ফিলানথ্রপি হাব হবে সংস্থাটির সঙ্গে কাজ করতে আগ্রহী দাতব্য প্রতিষ্ঠান ও অংশীদারদের জন্য একটি সমন্বিত প্রবেশদ্বার। এর মাধ্যমে উন্নয়ন খাতে কোথায় দাতব্য অর্থ, বিনিয়োগ, জ্ঞান ও দক্ষতা সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব, তা চিহ্নিত করা হবে। পাশাপাশি গবেষণা ও পরীক্ষামূলক প্রকল্পে সফল উদ্যোগগুলো বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
নতুন উদ্যোগের আওতায় এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দাতব্য নেটওয়ার্ক এশিয়ান ভেঞ্চার ফিলানথ্রপি নেটওয়ার্ক (এভিপিএন) এবং টেমাসেক ট্রাস্টের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বিশ্বব্যাংক গ্রুপ। এভিপিএন তার আঞ্চলিক নেটওয়ার্কের মাধ্যমে দাতব্য ফাউন্ডেশন, সামাজিক বিনিয়োগকারী ও বেসরকারি খাতের অংশীদারদের বিশ্বব্যাংক গ্রুপের বিভিন্ন উদ্যোগে যুক্ত হতে সহায়তা করবে।
সংস্থাটি ‘হেলথ ওয়ার্কস’ কর্মসূচিতে কারিগরি সহায়তার অর্থায়নের জন্য একটি বিশেষ তহবিলের ঘোষণাও দিয়েছে। এ কর্মসূচির লক্ষ্য ১৫০ কোটি মানুষকে মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার আওতায় আনা। অন্যদিকে, টেমাসেক ট্রাস্ট দাতব্য পুঁজি সংগ্রহ, বিভিন্ন অংশীদারকে একত্র করা এবং উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি এগিয়ে নেওয়ার অভিজ্ঞতা কাজে লাগাবে।
ফিলানথ্রপি হাবের মাধ্যমে কৃষি, স্বাস্থ্য ও পানি খাতে বিশ্বব্যাংক গ্রুপের অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ এগ্রিকানেক্ট, হেলথ ওয়ার্কস ও ওয়াটার ফরওয়ার্ডের জন্য কার্যকর অংশীদারত্বের মডেল তৈরির পরিকল্পনা রয়েছে।
এ উদ্যোগে জ্ঞান ও গবেষণার ব্যবহারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মো. ইব্রাহিম ফাউন্ডেশন, ল্যাটিমপ্যাক্টো, বোস্টন কনসাল্টিং গ্রুপ, ব্রিজস্প্যান, ডালবার্গ এবং লন্ডন স্কুল অব ইকোনমিকসের মার্শাল ইনস্টিটিউটসহ বিভিন্ন দাতব্য, পরামর্শক ও গবেষণা প্রতিষ্ঠান জ্ঞান-অংশীদার নেটওয়ার্কে যুক্ত রয়েছে।
বিশ্বব্যাংক গ্রুপের মতে, উন্নয়ন খাতে দাতব্য সংস্থার ভূমিকা এখন শুধু অনুদান দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এসব প্রতিষ্ঠান বিনিয়োগ, বিশেষজ্ঞ জ্ঞান, উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি এবং বিভিন্ন অংশীদারকে একত্র করার সক্ষমতাও কাজে লাগাতে পারে। নতুন হাবের মাধ্যমে এসব সম্পদকে উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করে আরও কার্যকর ফল অর্জনের চেষ্টা করা হবে।
বিশ্বব্যাংক গ্রুপ বিশ্বের ১০০টির বেশি দেশে অর্থায়ন, নীতিগত পরামর্শ ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কাজ করছে। নতুন ফিলানথ্রপি হাবের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে দাতব্য ও বেসরকারি খাতের অংশীদারত্ব আরও সম্প্রসারণ করতে চায় সংস্থাটি।



