এনবিআর প্রতিনিধিদের সঙ্গে বিজিএমইএর বৈঠক
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্ক রফতানি, বন্ড এবং আইটি) হোসেন আহমেদের সঙ্গে একটি বৈঠক করেছেন বিজিএমইএ প্রতিনিধিরা। এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সাবেক প্রথম সহসভাপতি এসএম আবু তৈয়ব, সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী এবং সাবেক পরিচালক মো. মুনির হোসেন। এনবিআরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রথম সচিব (শুল্ক রফতানি ও বন্ড) মিয়া মো. আবু ওবায়দা, কাস্টমস বন্ড কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. জাকির হোসেন। বৈঠকে ব্যবসার প্রক্রিয়াগুলোর মধ্যে বিদ্যমান বাধাগুলো অপসারণ, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা ও নতুন সুযোগগুলো কাজে লাগানোর জন্য কাস্টমস এবং বন্ড সংক্রান্ত নীতি আরো সহজ করার অনুরোধ করা হয়।



