১৯ কোম্পানিতে ভারপ্রাপ্ত সিইও!
এনএসআই’র প্রতিবেদনের জবাব দিয়েছে আইডিআরএ

মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন নিয়ে- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) থেকে পাঠানো প্রতিবেদনের লিখিত জবাব দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এতে বীমা খাতে সিইও সংকটের তথ্য তুলে ধরে সমস্যা সমাধানে ‘সিইও নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা’ সংশোধনের বিষয়টি উল্লেখ করা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাবর চিঠিতে আইডিআরএ জানায়- গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদনে ‘চলতি দায়িত্ব’ পালন করা ৫ টি বীমা কোম্পানির নাম উল্লেখ করা হলেও- প্রকৃতপক্ষে ১৯টি কোম্পানি ভারপ্রাপ্ত সিইওর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোকে সংকট কাটিয়ে উন্নয়ন ও আইনী কাঠামোতে পরিচালনার জন্য কারণ দর্শানো, জরিমানা আরোপ ও রিট মামলা পরিচালনার পাশাপাশি যৌক্তিক বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

আইডিআরএ আরও জানায়, বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২’ এ মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন পর্যাপ্ত প্রার্থী সংকট থাকায়- সমস্যার সমাধান হচ্ছে না। তবে এ সমস্যার স্থায়ী সমাধানে কর্তৃপক্ষ ‘বীমা কোম্পানির প্রবিধানমালা, ২০১২’ সংশোধনের উদ্যোগ নিয়েছে। যার ধারাবাহিকতায় মতামত গ্রহণের জন্য খসড়া প্রবিধানমালা আইডিআরএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অংশীজনের মতামতের পর সংশোধন প্রস্তাব দ্রুত আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাবর পাঠানো হবে। বীমা প্রবিধানমালা সংশোধন করা হলে অনেক জটিলতা নিরসন হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে আইডিআরএ সদস্য(লাইফ) মো. আপেল মাহমুদ অর্থবাংলাকে বলেন, ‘‘বীমা খাতে সিইও সংকট দীর্ঘদিনের সমস্যা।  এই সংকট সমাধানে আইডিআরএ বীমা প্রবিধানমালা সংশোধনের পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।  বীমা খাতের উন্নয়ন-অগ্রযাত্রায় শিক্ষিত, যোগ্য ও দক্ষ জনগোষ্ঠী তৈরী করা অপরিহার্য।  এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। ’’

সম্পর্কিত খবর