down of head

এজিএম ও ইজিএম স্থগিত করেছে দুই ব্যাংক

অনিবার্য কারণে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। রূপালী ব্যাংক পিএলসি: গতকাল বুধবার ব্যাংকটির ৯ম ইজিএম ও ৩৮তম এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভার নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তথ্যমতে, সাধারণ শেয়ার ইস্যুতে ইজিএম আহ্বান করেছিল রূপালী ব্যাংক।

অন্যদিকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ব্যাংকটি ৫ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু বোনাস লভ্যাংশ চূড়ান্ত করার আগে বিএসইসির অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য কোম্পানিটি বিএসইসির কাছে আবেদন করার পরিপ্রেক্ষিতে এই বোনাস লভ্যাংশ দেয়ার অনুমোদন পায়। ঘোষিত এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯০ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১০ টাকা ৩২ পয়সা। উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করা যায় না। বিএসইসি পর্যালোচনা করে যে কোম্পানিকে মনে হবে বোনাস দেয়ার জন্য উপযুক্ত, সেই কোম্পানিরই কেবল বোনাস অনুমোদন দেয়া হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি: ব্যাংকটির লভ্যাংশ অনুমোদন-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত এই এজিএমের তারিখ স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৩ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ২৪ টাকা ৯২ পয়সা। আর অলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৩ টাকা ৩৮ পয়সা। ঘোষিত এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ১২ আগস্ট বেলা ১১টায় এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি: ব্যাংকটির লভ্যাংশ অনুমোদন-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত এই এজিএমের তারিখ স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচিত সময়ে ইপিএস হয়েছে এক টাকা ৩০ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২৩ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৪ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে (এনওসিএফপিএস) ১৬ পয়সা (ঘাটতি)। ঘোষিত এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৮ আগস্ট বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান জানিয়েছিল।

এন এস

সম্পর্কিত খবর