উত্তরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
রাজধানীর উত্তরায় ৪ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে ফরিদ মার্কেট সংলগ্ন রেললাইনে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মনির হোসেন (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন বিষয়টি নিশ্চিত করে জানান, একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার শানের কিটিকাটা গ্রামে।



