ইতালির ভেনিসে বাংলাদেশ একাডেমির উদ্বোধন
প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের মাতৃভাষাসহ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি শিক্ষা দানের লক্ষ্যে ইতালির ভেনিসের মারঘেরায় অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বাংলাদেশ একাডেমি ভেনিসের কার্যক্রম।
শহরের চিতা মারঘেরা গির্জা হলে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে বাংলা একাডেমির উদ্বোধন করেন ইতালির মিলানে কনস্যুলেট অফিসের কনসাল জেনারেল এম. জে. এইচ জাবেদ। সে সময় উপস্থিত প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান স্থানীয় সাংবাদিকরা।
পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
সোনিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন আজাদ খান ও জুম্মন অনিক। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভেনিসের কা ফুস্কারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর অনিমেষ কুমার গাইন, বাংলাদেশ একাডেমির প্রধান শিক্ষিকা সোমা সাহা, সহকারী প্রধান শিক্ষিকা ইঞ্জিনিয়ার সেজুতি বর্ধন, ভেনিস আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস হালদার, বাংলাদেশ এসোসিয়েশন ভেনিসের সভাপতি মুহাম্মদ আলী, সাধারণ সম্পাদক জব্বার মাঝি, নাগরিক কমিটি ভেনিসের সভাপতি আবুল কাশেম শিকদার, মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম জমাদার, কিশোরগঞ্জ জেলা সমিতির স্থায়ী কমিটির প্রধান আব্দুল মান্নান, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন, জভান্নি পের উমেনিতার সভাপতি প্রিন্স হাওলাদার, ত্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেলসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল এম. জে. এইচ. জাবেদ বলেন, প্রবাসে ছেলে-মেয়েদের বাংলা শিক্ষা প্রসারে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে। সে ক্ষেত্রে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। বাংলা শিক্ষার পাশাপাশি তিনি ইতালিয়ান ভাষা শিক্ষার প্রতিও জোর দিতে বলেন।
ইতালিতে তার আওতাধীন যে জায়গাগুলোতে বাংলা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেখানেও কনস্যুলেট অফিসের সার্বিক সহযোগিতা থাকবে বলে তিনি জানান।


