আয় ও মুনাফা কমেছে ইউপিজিডিসিএলের
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিত আয় ও কর-পরবর্তী নিট মুনাফা দুটোই কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের দ্বিতীয় বৃহত্তম স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদক (আইপিপি) প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল)। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত আয় কমেছে প্রায় ৭ শতাংশ। আর নিট মুনাফা কমেছে দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল বিকালে অনুষ্ঠিত ইউপিজিডিসিএলের পর্ষদ সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৮৫৯ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৯২২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে আয় কমেছে ৬৩ কোটি টাকা বা ৬ দশমিক ৮৪ শতাংশ। অন্যদিকে আলোচ্য সময়ে কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৯৬ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে নিট মুনাফা কমেছে ২ কোটি টাকার মতো বা দশমিক ৬৭ শতাংশ। আলোচ্য সময়ে সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা। আগের হিসাব বছরের যা ছিল ৫ টাকা ৫ পয়সা।


