down of head

আবাসন খাতের নিবন্ধন ব্যয় কমিয়ে ৬-৭ শতাংশ করার দাবি

জাতীয় প্রবৃদ্ধিতে প্রায় ১৫ শতাংশ ভূমিকা রাখা আবাসন খাতের নিবন্ধন ব্যয় কমিয়ে ৬-৭ শতাংশে নিয়ে আসার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল চট্টগ্রাম ক্লাবের রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাব কথা জানান রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, পরিচালক আলহাজ প্রকৌশলী মোহাম্মদ দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভীর প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল কৈয়ূম বলেন, মহামারী এবং নীতিনির্ধারণী কিছু সমস্যার কারণে আবাসন খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তবে বর্তমানে এ খাতের পরিস্থিতি বেশ ভালো। সরকারি চাকরিজীবীদের জন্য ভর্তুকি দিয়ে ৫ শতাংশ সুদের গৃহঋণ চালুর পর থেকে এ খাতে স্থবিরতা কিছুটা কমেছে। কিছুদিন আগেও এ খাতের নিবন্ধন ব্যয় ২ শতাংশ কমানো হয়েছে। রিহ্যাবের পক্ষ থেকে আবার ৪ শতাংশ নিবন্ধন ব্যয় কমানোর জন্য জোর তত্পরতা চালানো হচ্ছে। গত মাসে ফ্ল্যাট কেনার জন্য বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ দেয়ার প্রজ্ঞাপন জারি করেছে। যা আগে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ছিল। এখনো সব নাগরিকের জন্য দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা না থাকা এবং ব্যাংকঋণের উচ্চহার এ খাতের বড় প্রতিবন্ধকতা। জাতীয় প্রবৃদ্ধিতে প্রায় ১৫ শতাংশ ভূমিকা রাখা আবাসন শিল্পে নিবন্ধন ব্যয় কমিয়ে ৬-৭ শতাংশে নিয়ে এলে এ খাত অর্থনীতিতে আরো অবদান রাখতে পারবে।

তিনি জানান, ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে নগরীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু বে ভিউতে আগামীকাল শুরু হওয়া চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১-এ বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১টি স্টল থাকবে।

আগামীকাল শুরু হওয়া এ ফেয়ার চলবে ২১ নভেম্বর পর্যন্ত। ফেয়ারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।

ফেয়ার উপলক্ষে আজ সকাল ৮টায় এমএ আজিজ স্টেডিয়ামের সামনে থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। এ ম্যারাথন দৌড়ের উদ্বোধন করবেন দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। চার দিনব্যাপী এ আবাসন মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে। মেলায় দুই ধরনের টিকিটের ব্যবস্থা রাখা আছে। যার মধ্যে সিঙ্গেল টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকেট দিয়ে দর্শনার্থীরা চারবার প্রবেশ করতে পারবে।

সম্পর্কিত খবর